মিরপুরে তৈরি হবে আরো দুটি ড্রেসিংরুম

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৪৩
হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দেখে স্বাভাবিকভাবেই খুব সন্তুষ্ট আইসিসির পর্যবেক্ষক দল। এই মাঠেই শুরু হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাঠের অবকাঠামো, সুযোগ সুবিধা সবকিছু পর্যবেক্ষণ শেষে আইসিসির পর্যবেক্ষক দলের সাথে বৈঠকও বসলেন বিসিবির কর্তারা। কেমন দেখলেন পর্যবেক্ষক দল? প্রশ্ন শুনে উত্তর দিতে চাননি বোর্ডের কেউই। জানা গেল, পর্যবেক্ষক দলের সন্তুষ্টির মধ্যেও একটা নির্দেশনা রয়েছে। শেরেবাংলা স্টেডিয়ামে বর্তমানে দুটি ড্রেসিংরুমের পরিবর্তে চারটি ড্রেসিংরুম করতে হবে। নির্দেশনা এসেছে স্বয়ং আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিসষ্ট্যাটলির কাছ থেকে। কাল পরিদর্শনে ছিলেন টুর্নামেন্টের পরিচালক ধীরজ মালহোত্রা, আইসিসির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার ক্লাইভ হিচককসহ ফিকা থেকেও একজন প্রতিনিধি। পরিদর্শন শেষে বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন কাল ইত্তেফাককে বলেন, ‘তারা মিরপুরে সব সুযোগ সুবিধা দেখে সন্তুষ্ট। কাল (পরশু) বিকেএসপিও ঘুরে এসেছে। সেখানকার ড্রেসিংরুম, মাঠের কাজ, মিডিয়া সেন্টার সবকিছু পরিদর্শন শেষে জানতে চেয়েছেন কবে নাগাদ শেষ হবে এই কাজ। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, আগস্টের মধ্যে সব কাজ শেষ হবে। তাই আগস্টে আবারো পরিদর্শনে আসবে তারা’। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চারটি ড্রেসিংরুমের প্রয়োজন হয়। মিরপুরে যেটি নেই, তাই মে মাসের মধ্যে বিসিবিও আরো দুটি ড্রেসিংরুম তৈরির কাজ শুরু করতে চায়। আইসিসির পরিদর্শক দল আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শনে যাবে।