একমাত্র স্কটিশ খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেয় মাইক ডেনেস। ১৯৪০ সালে স্কটল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে জন্ম নেয়া ডেনেস দীর্ঘদিন ক্যান্সারে ভুগে গত শুক্রবার ৭২ বছর বয়সে মারা গেছেন। ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত খেলোয়াড়ি জীবনে ২৮ টেস্টের মধ্যে ১৯টিতে অধিনায়কত্ব করেন তিনি।
টেস্ট ছাড়াও ১২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা এ ক্রিকেটার পরবর্তীতে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৪-৭৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম ছয় ইনিংসে মাত্র ৬৫ রান করায় চতুর্থ টেস্টে দল থেকে বাদ পড়েন তিনি। তবে মেলবোর্ন টেস্টে ফিরেই করেন ১৮৮ রান । যা সে সময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন ইংলিশ অধিনায়কের সর্বোচ্চ রান। জাতীয় দলের বাইরে কেন্ট ও সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টি খেলা ডেনেসের প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৫ হাজারেরও বেশি রান রয়েছে।
আইসিসি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালনকালে বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচিতও হতে হয় ডেনেসকে। ২০০১-০২ সালে পোর্ট-এলিজাবেথে ছয়জন ভারতীয় ব্যাটসম্যানের বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্ত দেয়ায়, পরের ম্যাচে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার দাবি জানায় ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। আইসিসি এমন দাবিতে সাড়া দিয়ে সে ম্যাচের টেস্ট মর্যাদা প্রত্যাহার করে নেয়।
ডেনেসের মৃত্যুতে ইসিবির প্রধান নির্বাহীসহ সাবেক এবং বর্তমান ক্রিকেট তারকারা শোক প্রকাশ করেছেন।
