নাজমা ও মাহফিজুর দ্রুততম সাঁতারু

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৩৬
গেমস সাঁতারের প্রথম দিনের আকর্ষণীয় ইভেন্ট সাঁতারে গতকাল রবিবার প্রথম দিনেই চমক দেখিয়েছে নৌবাহিনী। কারণ পুরুষ ও মহিলা উভয় বিভাগেই দ্রুততম সাঁতারুর পদক দুটি জিতে নিয়েছে নৌবাহিনীর মাহফিজুর রহমান ও নাজমা খাতুন। এর মধ্যে মাহফিজুর রহমানের জন্য অন্যরকম একটা দিন গেছে কাল মিরপুর সুইমিংপুলে। পুরুষদের ৫০ মিটার ফ্রি ষ্টাইল সাঁতারে মাহফিজুর শুধু স্বর্ণই জিতেননি, গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। নাজমা খাতুনও তার দলকে পদক এনে দিয়েছেন। তাদের নৈপুণ্যে নৌবাহিনী ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পেয়ে এগিয়ে রয়েছে। ব্যক্তিগত নৈপুুণ্যের তালিকায় সেনাবাহিনীর জুয়েল আহমেদ ২টি এবং বিকেএসপির রোমানা আক্তার ২টি করে স্বর্ণ জয় করে এগিয়ে আছেন। দুইজনেই ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্ণ জিতেছেন। সাঁতারের প্রথম দিনে তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এর মধ্যে সোনিয়া আক্তার টুম্পা দুটি এবং মাহফিজুর রহমান একটি রেকর্ড গড়েন। ৫০ ব্যাক ষ্ট্রোকে নৌবাহিনীর রুবেল রানা, বিকেএসপির নাইমা আক্তার, ২০০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে সেনাবাহিনীর জুয়েল আহমেদ, রোমান আক্তার স্বর্ণ জয় করেন।