আসছে ২৪ এপ্রিল চল্লিশে পা রাখতে যাচ্ছেন ভারতীয় ব্যাটিং লিজেন্ড শচিন টেডুলকার। আর তার জন্মদিনকে সামনে রেখে গত রবিবার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে উন্মোচিত হল এই তারকার মোমের মূর্তি।
সুখকর স্মৃতি থাকায় অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ড খুবই প্রিয় শচীন টেন্ডুলকারের। এই মাঠেই ভক্তদের সামনে ব্যাট ও হেলমেট হাতে রঙিন জার্সি গায়ে শতরান উদযাপনের ভঙ্গিতে দাঁড়ালেন ভারতীয় ব্যাটিং তারকা। জীবন্ত নয়, প্রিয় ক্রিকেটারের মোমের মূর্তি উন্মোচিত হলো শনিবার।
ঈশ্বরতুল্য ক্রিকেটারের মূর্তি উন্মোচনের পর উল্লসিত স্থানীয় ভারতীয় ভক্তদের দল ‘স্বামী আর্মি’ লিটল মাস্টারের স্তবক গাইলেন। আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সব অবদান রাখায় এর আগে অর্ডার অব অস্ট্রেলিয়া পদক দিয়ে সম্মানিত করেছিল ক্যাঙ্গারুর দেশ। ৪০ বছরে পা দিতে যাওয়ার চারদিন আগে মোমের মূর্তি তৈরি করে এই ব্যাটিং গ্রেটকে আরেকবার শ্রদ্ধা জানাল অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, এই মূর্তিটি রাখা হবে মাদাম তুসো জাদুঘরের সিডনি শাখায়। ব্যাটিং কিংবদন্তি ডন ব্রাডম্যানের পাশেই দাঁড়িয়ে থাকবে উল্লসিত মোমের শচীন। এই জাদুঘরেই মোমের আবর্তে রয়েছেন আরেক অসি তারকা শেন ওয়ার্ন।
লন্ডনে মাদাম তুসোর জাদুঘরে শচীনের মোমের যে মূর্তি আছে তার আদলেই এটি তৈরি করা হয়েছে।
