বায়ার্ন মিউনিখ আগামীকাল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে নিজেদের প্রস্তুতিটা দারুণভাবেই সেরে নিয়েছে। আসন্ন লড়াইটির প্রাক্কালে জার্মান চ্যাম্পিয়নরা গত শনিবার তিনটি রেকর্ড গড়ে স্বাগতিক হ্যানোভারকে ৬-১ গোলে উড়িয়ে দেয়। এদিকে বরুশিয়া ডর্টমুন্ডও নিজেদের খেলায় জিতে রিয়াল মাদ্রিদকে সতর্কবার্তা পাঠালো।
বুন্দেসলিগায় এটি ছিল চলতি মৌসুমে বায়ার্নের ২৬তম জয়। প্রতিপক্ষের মাঠে পাওয়া জয়ের হিসেবে টানা নবম। সেই সাথে এই জয়ে এক মৌসুমে ডর্টমুন্ডের পাওয়া ৮১ পয়েন্টের রেকর্ডটিতেও পৌঁছে যায় কোচ জাপ হেইঙ্কসের দল।
হ্যানোভারের মিডফিল্ডার আন্দ্রে হফম্যান দলের একমাত্র গোলটি করেন। এই গোলটি হ্যানোভার করতে না পারলে আরো একটি রেকর্ড যোগ হোত বায়ার্নের হিসেবে। কিন্তু গোলটি হয়ে যাওয়ায় নিজেদের জালে বলহীন জয়ের সংখ্যার রেকর্ড ২০ ম্যাচ করতে পারলো না দলটি।
বায়ার্নের স্ট্রাইকার ক্লডিও পিজারো এ খেলাটিতে দেখানো নৈপুণ্যের সুবাদে বার্সেলোনার বিরুদ্ধে প্রথম একাদশে থাকার দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরেছেন। কারণ হ্যানোভারের বিপক্ষে তিনি জোড়া গোল করেছেন এবং এছাড়াও ভূমিকা রেখেছেন অপর দুটি গোলে।
কোচ জাপ হেইঙ্কস অধিকাংশ তারকা খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে ৪-৪-২ পদ্ধতিতে খেলান দলকে। বায়ার্ন সাধারণত ৪-২-৩-১ পদ্ধতিতে খেলে থাকে। এ ম্যাচে দুই স্ট্রাইকার মারিও গোমেজ এবং পিজারো মাঠে উপরভাগে খেলেছেন। এরপরও দলে ব্যাপক পরিবর্তনে অসুবিধা হয়নি বায়ার্নের। প্রথম গোলটি তারা পেয়ে যায় হ্যানোভার মিডফিল্ডার লারস স্টিনডলের ভুলে।
আত্মঘাতী গোল ছিল এটা। বায়ার্নের অস্থায়ী অধিনায়ক ফ্রাঙ্ক রিবেরি দলের দ্বিতীয় গোলটি করেন। জার্মানির তারকা খেলোয়াড় গোমেজ গত বুধবার উলভসবুর্গের বিপক্ষে জার্মান কাপের সেমিফাইনালে হ্যাটট্রিক করেছিলেন। সেই খেলাতেও বায়ার্ন ৬-১ গোলেই জয় তুলে নিয়েছিল। গোমেজ এই খেলাতে বায়ার্নকে জোড়া গোল এনে দেন বিরতির আগে পরে মিলিয়ে। পিজারো দ্বিতীয়ার্ধে পরের দুটি গোল করেন।
বায়ার্ন বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছে আগেই। লিগের এখনো চার ম্যাচ বাকি। দ্বিতীয়স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড থেকে তারা ২০ পয়েন্ট এগিয়ে রয়েছে।
ডর্টমুন্ডও গত শনিবার সফরকারী মেইঞ্জকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মোকাবেলা করার প্রস্তুতিটা ভালভাবেই নিয়ে রেখেছে। আগামী বুধবার ডর্টমুন্ড নিজ মাঠে মাদ্রিদের মুখোমুখি হবে।
পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লিওয়ানডস্কি ডর্টমুন্ডের দ্বিতীয় গোলটি করেন। লিগে তার এটি ২৩তম গোল। তিনি গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। সর্বশেষ ১২ লিগ ম্যাচে তিনি গোল পেয়েছেন। ১৯৭০ সালে বায়ার্ন মিউনিখের হয়ে গার্ড মুলার টানা ১৬ ম্যাচে গোল করেছিলেন। লিওয়ানডস্কি সেই রেকর্ড ছুঁয়ে দিতে পারেন যদি পরবর্তী টানা চার ম্যাচে গোল পেয়ে যান।
