টটেনহ্যাম হটস্পার গতকাল রবিবার রাতে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা জিইয়ে রেখেছে। বর্তমান চ্যাম্পিয়ন সিটির এই হারে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয় এখন কেবল সময়ের ব্যাপার। স্যার অ্যালেক্স ফার্গুসনের দলটি আর কেবল তিন পয়েন্ট পেলেই শিরোপা তুলে নিতে পারবে। আজই তাদের খেলা আছে অ্যাস্টন ভিলার সাথে।
ম্যানচেস্টার সিটি বিপক্ষের মাঠে সমির নাসরির সপ্তম মিনিটের গোলে এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি। কিন্তু বিরতির পর সাত মিনিটের ব্যবধানে গোল তিনটি করে পর্তুগীজ কোচ ভিলাস বোয়াসের দল টটেনহ্যাম। ক্লিন্ট ডেম্পসি, জেরমেইন ডেফো ও গ্যারেথ বেল একে একে গোলগুলো করেন।
এ জয়ে লিভারপুলের মোকাবেলার আগে চেলসির সাথে চতুর্থ স্থানে থাকলো টটেনহ্যাম। এমনিতেই দলটি ইউরোপা কাপের জন্য নির্ধারিত পঞ্চম স্থানে ছিল। অবশ্য দলটি চ্যাম্পিয়ন্স লিগের জন্য নির্ধারিত শীর্ষ চারের লড়াইয়ে আর্সেনালের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থায় আছে। কেননা কোচ আর্সেন ওয়েঙ্গারের দল টটেনহ্যামের চাইতে একটি ম্যাচ বেশি খেলেছে।
এখনো শিরোপাধারী সিটির ইটালিয় ম্যানেজার রবার্তো মানচিনি বলেন, ‘আমরা দুটো বড় ভুল করেছি যা অবাক করার মতো। প্রথম ও দ্বিতীয়টির মতো গোল হজম করা অসম্ভব। আরেকটি কারণ হলো আমরা গত বছরের চাইতে কম গোল করেছি। ম্যানচেস্টার ইউনাইটেড যোগ্যতার নিরিখেই শিরোপা জয়ের দাবিদার। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো অবশিষ্ট পাঁচ খেলায় জেতা।’
এদিকে গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ১-০ গোলে হারায় অতিথি আর্সেনাল। ক্যারাভান কটেজে স্বাগতিকরা খেলার দ্বাদশ মিনিটে দশজনের দলে পরিণত হয় স্টিভ সিডওয়েল লাল কার্ড নিয়ে মাঠ ছাড়লে। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন পার মারটেসাকার। তবে ৯০তম মিনিটে আর্সেনালের অলিভার গিরউডও লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন।
এই জয়ে আর্সেনাল প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে যায়। গতকাল রাতে লিভারপুল-চেলসির দ্বৈরথ ছিল। চেলসি জয় পেলে আর্সেনালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসবে। লড়াইটি ড্রয়ে শেষ হলে আর্সেনাল তিনেই থাকবে। এছাড়াও শনিবার জয় পেয়েছে নরউইচ সিটি, স্টোক সিটি, সান্ডারল্যান্ড ও ওয়েস্টহ্যাম।
আজ অ্যাস্টন ভিলা জিতলে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে যাবে কুইন্স পার্ক রেঞ্জার্স ও রিডিংয়ের। বিবিসি/সকারওয়ে
