বাংলাদেশ গেমসের ক্রিকেট শুরু আজ

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৪০
বাংলাদেশ গেমস আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেলেও এখনো শুরু হয়নি টুর্নামেন্টের ক্রিকেট। গতকাল রবিবার থেকে গেমস ক্রিকেট শুরু হওয়ার কথা থাকলেও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটি একদিন পিছিয়ে আজ সোমবার থেকে ক্রিকেট শুরু করতে যাচ্ছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে খুলনা ও বরিশাল। পরের ম্যাচ খেলবে ঢাকা ও রংপুর। প্রথমবারের মত বাংলাদেশ গেমসে অন্তর্ভুক্ত হওয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিয়ে অংশ নেয়া সাত বিভাগীয় ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্ট নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছে, বাংলাদেশ গেমসে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়ার ব্যাপারে বিসিবি তাদেরকে কিছুই জানায়নি। এমন অভিযোগ অস্বীকার করে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আমরা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিকে আলোচনার জন্য ডেকেছি। কিন্তু বরিশাল ও রংপুর বিভাগ ছাড়া কেউই আমাদের ডাকে সাড়া দেয়নি। এখন তারা যদি না আসে আমরা তাদেরকে জোর করে তো আনতে পারি না। শুনেছি, ঢাকা বিভাগের কর্মকর্তা বিসিবির সভায় উপস্থিত ছিলেন, কিন্তু পরে বিভাগীয় দলগুলোর সাথে তিনি আলোচনায় আসেননি। এবং অন্যদের আসতেও মানা করেছেন’। বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতা ছাড়া বাংলাদেশ গেমসের টি-টোয়েন্টি টুর্নামেন্ট করা কতটা চ্যালেঞ্জ হবে এমন প্রশ্নে দুর্জয় বলেন, ‘আমরাই সবকিছু দেখভাল করবো। যেহেতু তারা আসেননি এ ব্যাপারে আর কিছুই বলতে পারবো না’। বাংলাদেশ গেমসের ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৬ এপ্রিল। কিন্তু একদিন পিছিয়ে পড়ার কারণে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। উল্লেখ্য, সাতটি বিভাগের সাথে ঢাকা মেট্রো বাংলাদেশ গেমসের ক্রিকেটে অংশ নিতে যাচ্ছে। প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে নক আউট পদ্ধতিতে খেলবে। যারা হারবে তারাই বাদ পড়বে। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।