ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শুক্রবার বলেছেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এতে করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কোন্নয়নের আশা জেগে উঠেছে। ‘দ্য ডন’ এর খবরে বলা হয়েছে, নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনমোহন বলেন, তার সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং দু’ দেশের মধ্যকার সব ধরনের সমস্যা শান্তিপূর্ণভাবে মীমাংসা করা যাবে বলেই আশা করছে। -খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মনমোহন বলেন, ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সব সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে। পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী শরীফও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে মনমোহন বলেন, গত ১১ মে পাকিস্তানের নির্বাচনে নওয়াজের দল পিএমএল-এন জয়ী হওয়ার পর তিনি নওয়াজকে অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। আর শরীফও তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
