কুষ্টিয়ায় হতদরিদ্র ও গরীব-অসহায়দের চক্ষু চিকিত্সায় অবলম্বল আগা ইউসুফ মেমোরিয়াল আধুনিক হাসপাতাল। বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে স্বল্প খরচ ও নামমাত্র ফি গ্রহণের মাধ্যমে এই হাসপাতালে চক্ষু চিকিত্সা এবং চোখের বিভিন্ন অপারেশন করা হয়। কুষ্টিয়ার বারখাদা গ্রামের বিশিষ্ট শিল্পপতি এ.এম আগা ইউসুফ (প্রয়াত) এলাকার গরীব-অসহায় মানুষের চক্ষু চিকিত্সা সেবা দেয়ার জন্য ইউসুফ মেমোরিয়াল ট্রাস্টের অধীন ‘আগা ইউসুফ আধুনিক চক্ষু হাসপাতাল’ প্রতিষ্ঠা করেন। কুষ্টিয়া-মেহেরপুর সড়ক সংলগ্ন বারখাদা মৌজায় প্রায় দেড় একর জায়গার উপর ১৯৯৯ সালের ১ অক্টোবর হাসপাতালটি চালু হয়। হাসপাতালের আউটডোরে চিকিত্সা নিতে নতুন রোগী ৭০ টাকা এবং পুরাতন রোগী ৫০ টাকা জমা দিলেই বিশেষজ্ঞ ডাক্তারের চিকিত্সা মেলে।
হাসপাতালে প্রতিদিন গড়ে ৮০ থেকে ১শ’ জন রোগী চিকিত্সা গ্রহণ করছেন। হাসপাতালে রোগীর চক্ষু পরীক্ষা ও রোগ নির্ণয়ে আধুনিক স্মীট ল্যাম্প ও উন্নত কম্পিউটারসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। পাশাপাশি হাসপাতালে অল্প খরচে রোগীদের চোখের ছানি, নেত্রনালি, চোখের মাংসবৃদ্ধিজনিত অপারেশন ও লেন্স প্রতিস্থাপনসহ অন্যান্য অপারেশন করা হয়। রয়েছে ২০ বেডের পুরুষ ও মহিলা ওয়ার্ড।
এছাড়া রয়েছে অত্যাধুনিক দু’টি অপারেশন থিয়েটার ও একটি ল্যাবরেটরি। চোখের ছানিসহ অন্যান্য অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের ক্ষেত্রে রোগীদের এক থেকে দু’দিন হাসপাতালের ওয়ার্ডে ভর্তি, ওষুধ ও খাবার সরবরাহসহ সর্বসাকুল্যে নেয়া হয় তিন হাজার টাকা। প্রতিমাসে এখানে গড়ে ৩০/৩৫ জন রোগীর চক্ষু অপারেশন হয়। হাসপাতালের সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিকুল হক জানান, হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই স্বল্প খরচে চক্ষু সেবা প্রদান করা হচ্ছে।
