চীন আগামী ৫ বছরে বায়ুদূষণ কমিয়ে আনতে ২৭ হাজার ৭০০ কোটি ডলার (২৭ কোটি ৭০ লাখ ইউয়ান) ব্যয়ের পরিকল্পনা করেছে। চীনে যেসব অঞ্চলে বায়ুদূষণ সবচেয়ে বেশি সে জায়গাগুলোতেই প্রাথমিকভাবে এ অর্থ ব্যয় করা হবে। চীনের রাষ্ট্র পরিচালিত ‘চায়না ডেইলি’ পত্রিকা দেশটির পরিবেশ পরিকল্পনা একাডেমির ভাইস প্রেসিডেন্ট ওয়াং জিনানের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। বায়ুদূষণের কারণে মানুষ ফুসফুসের সমস্যাসহ শ্বাসকষ্ট ও অন্যান্য অসুস্থতায় ভুগতে পারে।
চীনের বিশেষত বেইজিং, তিয়ানজিন এবং হেবেই প্রদেশ বায়ুদূষণ প্রকট। সে কারণে নতুন পরিকল্পনায় এ অঞ্চলগুলোকে প্রাধান্য দেয়া হয়েছে বলে জানিয়েছে চায়না ডেইলি। চীন সরকার ২০১৭ সালের মধ্যে বায়ুদূষণের মাত্রা ২০১২ সালের তুলনায় ২৫ শতাংশ কমাতে চায়। জানুয়ারিতে এ অঞ্চলগুলোতে প্রবল ধোঁয়াশার কারণে বিষয়টি সবার নজরে এসেছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ঝাও হুয়ালিন। তিনি বলেন, চীনের মন্ত্রিসভা স্টেট কাউন্সিল জুনে নতুন পরিকল্পনাটি অনুমোদন করেছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবং কিছু কিছু অঞ্চলে ২০১৭ সালের মধ্যে বায়ুদূষণ কমাতে চীন এবারই সবচেয়ে ব্যাপকভিত্তিক এবং কঠিন পরিকল্পনা হাতে নিল। এর আগে ২০১২ সালের ডিসেম্বরে চীন ৩৫ হাজার কোটি ইউয়ান ব্যয়ে প্রধান প্রধান নগরীতে বায়ুদূষণ ২০১৫ সালের মধ্যে কমিয়ে আনার পরিকল্পনা প্রকাশ করে। কিন্তু এটিই যথেষ্ট নয় বরং বায়ুদূষণ কমাতে আরো কঠোর পরিকল্পনার প্রয়োজনীয়তা উপলব্ধি করে নেতারা এবার নতুন পরিকল্পনা নিলেন। তবে এ পরিকল্পনা ছাড়াও পানিদূষণ রোধ এবং পল্লী অঞ্চলের পরিবেশ উন্নয়নে আরো পরিকল্পনা হাতে নেয়ার কথা ভাবছে সরকার।
