ইরাকে কয়েকদফা গাড়িবোমা হামলায় নিহত ৬০

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:১৮
ইরাকের শিয়া অধুষ্যিত বিভিন্ন এলাকায় একের পর এক ১৭ টি গাড়িবোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১শ’রও বেশি মানুষ। ইরাকের দক্ষিণাঞ্চলীয় শিয়া এলাকাগুলোতে গতকাল সোমবার সমন্বিতভাবে এ সমস্ত হামলা চালায় হামলাকারীরা। পুলিশ এবং হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। খবর বিডিনিউজের। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের কুট শহরে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। শহরের একটি বাস ষ্টেশনের কাছে এ বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাগদাদের ৩০ কিলোমিটার দক্ষিণের মাহমুদিয়া শহরে আরেকটি বিস্ফোরণে নিহত হয়েছে ৪ জন। আরো দক্ষিণের শহর সামাওয়ায় দুটি বোমা বিস্ফোরণে নিহত হয় ২ জন। বাদবাকী বোমা হামলাগুলো হয়েছে বাগদাদ জুড়ে বিভিন্ন জায়গায়, সদর সিটিতে, হাবিবিয়া, হুররিয়া, বায়া, উর, শূরতা, কাদিমিয়া, রিসালা, তবছি এবং আবু ধীরে। ইরাক বডি কাউন্ট নামের একটি সহিংসতা পর্যবেক্ষণ গ্রুপের তথ্যানুযায়ী, এ বছরের শুরু থেকে এ ধরনের অবিরাম বোমা হামলা এবং গুলি করে হত্যাকান্ডের ঘটনায় ইরাকে প্রায় ৪ হাজারের মতো নাগরিক নিহত হয়েছে।