প্রবাসী অধ্যুষিত ও শস্যভান্ডার হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলায় ব্যাপকহারে হ্রাস পাচ্ছে আবাদি কৃষিজমি। রাস্তার ধারের এসব কৃষিজমি ভরাট করে গড়ে উঠছে বাসগৃহ, দালানকোঠা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোকানপাট। ফলে অদূর ভবিষ্যতে একদিকে কৃষি উত্পাদন হ্রাস এবং অন্যদিকে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
অনুসন্ধানে দেখা যায়, গত কয়েক বছর আগেও যে জমিতে আউস, আমন, সাইলসহ বিভিন্ন জাতের চাষাবাদ হতো সে জমিতে এখন গড়ে উঠেছে মানুষের বসতঘর, দালানকোঠা, দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। কৃষিজমি রক্ষায় নীতিমালা কার্যকর না থাকায় এই এলাকার প্রবাসীরা রাস্তার ধারের আবাদি কৃষিজমিতে আলিশান বাড়ি নির্মাণে প্রতিযোগিতায় মেতে উঠেছে। আবাদি কৃষিজমির মধ্যে দু’ফসলি এমনকি তিন ফসলি জমিও রয়েছে। কৃষিভান্ডার হিসাবে খ্যাত এ জেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও প্রচুর পরিমাণে কৃষি উত্পাদন হতো। কিন্তু গত কয়েক বত্সর ধরে প্রবাসীদের আয়ের অর্থ দিয়ে অধিকাংশ ক্ষেত্রে আবাদি জমিতে দ্রুত গতিতে বসতঘর, দালানকোঠা ও দোকানপাট গড়ে উঠছে। সিএন্ডবি, এলজিইডি ও ইউনিয়ন পরিষদের অধীনে ফি-বছর রাস্তা প্রশস্তকরণ, নদী ভাঙ্গন, ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি দ্রুত গতিতে কৃষিজমির উপর প্রভাব ফেলছে।
