পাকিস্তানের পেশোয়ারের হায়াতাবাদে নিজ বাসায় অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতা নাজমা হানিফ নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। -খবর ডন ডটকমের।
পুলিশ জানায়, নিহত নাজমা হানিফ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থী ছিলেন। একবছর আগে তার স্বামী মোহাম্মদ হানিফ পেশোয়ারে বোমা হামলায় মারা যান। পুলিশ আরো জানায়, নাজমা হানিফ তার নিরাপত্তা শঙ্কা নিয়ে আগাম থানায় কোন কিছু জানাননি। তবে তার হত্যা রহস্য উদঘাটনে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, ব্যক্তিগত অথবা পারিবারিক কোন বিরোধ এর সঙ্গে জড়িত নয়। পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে ঘাতকদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
