শতবর্ষের পাবলিক লাইব্রেরী প্রাণহীন অবস্থায় পড়ে আছে

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২১:২৩
শতবর্ষের পুরনো শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী প্রাণহীন অবস্থায় পড়ে আছে। লাইব্রেরীর যে বইগুলো দিয়ে জ্ঞান পিপাসুরা তাদের জ্ঞান তৃষ্ণা মেটাতো সেগুলো এখন অযত্ন-অবহেলায় পড়ে আছে। সাইনবোর্ড সর্বস্ব পাবলিক লাইব্রেরীর এখন পাঠক শূন্য অবস্থা। লাইব্রেরীর জায়গার উপর প্রতিষ্ঠিত স্কুল-কলেজগুলো মুখরিত থাকলেও লাইব্রেরীটি পাঠক শূন্য। শহরে একটি শতবর্ষ পুরাতন সমৃদ্ধ পাবলিক লাইব্রেরী থাকা সত্ত্বেও অযত্ন-অবহেলায় নতুন প্রজন্ম তা কাজে লাগাতে পারছে না। শেরপুর পৌর শহরে ১৯১৫ সালে টাউনক্লাব পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠিত হয়। এই লাইব্রেরীর জন্য তত্কালীন এক জমিদার ১২ বিঘা জমি দান করেন। কথিত আছে, এক সময় এই লাইব্রেরীতে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক বিভিন্ন ইতিহাস সমৃদ্ধ বই পুস্তক সংরক্ষিত ছিল। স্বাধীনতা সংগ্রামের সময় অনেক মূল্যবান দলিলপত্র নষ্ট হয়ে যায়। লাইব্রেরীতে ভর্তি বাবদ ফি ৩০ টাকা ও ২ টাকা মাসিক ফি দিয়ে সদস্য ভর্তির নিয়ম থাকলেও প্রায় ২০ বছর হলো নতুন কোন সদস্য ভর্তি করা হয়নি। লাইব্রেরী পরিচালনা কমিটির সেক্রেটারী শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু জানান, লাইব্রেরীর নতুন একটি ভবন নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। অল্পদিনের মধ্যেই লাইব্রেরীটি চালু হবে।