অস্ট্রেলিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে সিনেট পদে প্রার্থী আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ প্রচারণার জন্য নতুন একটি কৌশলের আশ্রয় নিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার এক বিখ্যাত শিল্পীর গানের ভিডিও প্যারোডি করে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ধারণ করা এই ভিডিওটি সোমবার অস্ট্রেলিয়ার বিদ্রুপাত্মক রাজনৈতিক ওয়েবসাইট জুসি র্যাপ নিউজে প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে অ্যাসাঞ্জ বাদামি পরচুলা পরে গায়ক জন ফারনহার্মস এর ১৯৮৬’র হিট গান “ইউ আর দ্য ভয়েস” গানটির প্যারোডি করেছেন। ৭ সেপ্টেম্বরের নির্বাচনে নবগঠিত উইকিলিকস পার্টিকে সমর্থন দেয়ার জন্য ভিডিওটিতে আবেদন জানানো হয়েছে।
