চীনে ব্যাপক আলোচিত গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত চারব্যক্তি দোষ স্বীকার করেছেন। এদের মধ্যে চীনের এক জেনারেলের ছেলেও রয়েছে। ঘটনাটি দেশব্যাপী ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল।
শুক্রবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এ মামলার অন্যতম আসামি লি তিয়েনীর (১৭) বাবা চীনা আর্মি অ্যাকাডেমি অব আর্টসের সঙ্গীত বিভাগের ডিন হিসাবে দায়িত্বরত। পদটি সেনাবাহিনীর জেনারেলের সমপর্যায়ের। লি’র মা একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী। হাইদিয়ান জেলা আদালতে এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজন দোষ স্বীকার করেছেন। দু’দিন ধরে চলা বিচার কাজটি বৃহস্পতিবার শেষ হয়। বেইজিং নিউজ জানায়, লি কিভাবে দোষ স্বীকার করেছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে আদালতে শুনানির সময় তিনি যৌন নির্যাতন বা সম্পর্কের কথা স্বীকার করেননি।
তিনি আদালতকে জানিয়েছেন, ঘটনার সময় তিনি মাতাল ছিলেন এবং সে সময় কি হয়েছে তা তিনি জানেন না।
অভিযুক্তর বয়সের কারণে বিচারের সময় জনসাধারণকে সেখানে উপস্থিত থাকতে দেয়া হয়নি।
এএফপি’র এক খবরে বলা হয়, এর আগে লি’র পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি একটি যৌনবৃত্তির ঘটনা, ধর্ষণ নয়। ধর্ষিতার আইনজীবীর বরাত দিয়ে সিনহুয়া জানায়, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ধর্ষিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই তিনি শুনানিতে অংশ নিতে পারেননি।
