ভারতের রাজধানী দিল্লিতে চলতি বছরের প্রথম আট মাসে ১ হাজার ১২১টি ধর্ষণের মামলা হয়েছে, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ এবং ২০১২ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী ২০১২ সালের ৩১ আগস্ট পর্যন্ত ৪৬৮টি মামলা হয়েছিল। এছাড়া ২০১১ সালে ৫৭২টি এবং ২০১০ সালে ৫০৭টি মামলা হয় বলে এনডিটিভি জানিয়েছে। অবশ্য ধর্ষণের মামলা হওয়ার বিষয়টিকে দিল্লি পুলিশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, এর অর্থ এখন বেশিরভাগ ক্ষেত্রেই মামলা হচ্ছে। গত ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ও ধর্ষিত ছাত্রীর মৃত্যুর পর থেকে ভারতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ওই ঘটনার প্রায় নয় মাস পর ১০ আগস্ট আদালত আসামি বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে। গতকাল শুক্রবার তাদের সাজা ঘোষণা হওয়ার কথা। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, “আজকাল অভিযোগ বিস্তারিতভাবে রেকর্ড করা হয় এবং কোনো রকম আপত্তি না তুলে শুধু নারীদের অভিযোগের ওপর ভিত্তি করেই এফআইআর নথিভুক্ত করা হয়। এই কারণে মামলার সংখ্যা ব্যাপকহারে বেড়েছে। কিন্তু আমরা এটাতে মোটেও হতাশ হচ্ছি না।”
