তালেবানের সঙ্গে আলোচনায় সরকার আন্তরিক

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২০:৩৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বৃহস্পতিবার বলেছেন, আরো রক্তপাত বন্ধ করতে তার সরকার তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আন্তরিক। পাকিস্তানি তালেবানের প্রধান হেকিমুল্লাহ মেহসুুদ সরকারের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার একদিন পরই নওয়াজ এমন মন্তব্য করলেন। বুধবার মেহসুদ বলেছিলেন, ‘সরকার আলোচনায় আন্তরিক নয় এবং শান্তি আলোচনার জন্য সত্যিকার অর্থে কোনো পদক্ষেপ নেয়নি।’ নওয়াজ বলেন, আরো বেশি মানুষ হত্যা বন্ধ করতে তার সরকার একটি ভাল বিকল্প হিসেবে সংলাপের পথই অনুসরণ করবে। তিনি আরো বলেন, ‘আমরা শান্তি আলোচনায় আন্তরিক এবং সরকার সংলাপের বিকল্পকে পছন্দ করবে।’ সম্প্রতি পেশোয়ারে নৃশংস বোমা হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের এ কথাগুলো বলেন। শান্তি আলোচনার পূর্বেই মার্কিন ড্রোন হামলা বন্ধ করার তালেবানের দাবি সর্ম্পকে প্রশ্ন করা হলে নওয়াজ বলেন, দেশের সার্বভৌমত্বের বিরোধী হওয়ায় তার সরকার এ ধরনের হামলা বন্ধের জন্য আহবান জানিয়েছে। তিনি বলেন, ‘ড্রোন হামলা অবশ্যই বন্ধ করতে হবে, যেহেতু এগুলো পাকিস্তানের সার্বভৌমত্ব এবং অখন্ডতার বিরোধী। কোনো স্বাধীন দেশ তার ভূমিতে এ ধরনের লঙ্ঘন সহ্য করতে পারে না।’