যুক্তরাষ্ট্রের অভিযানে তালেবান কমান্ডার আটক

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২০:৩৬
‘সামরিক অভিযান’ চালিয়ে পাকিস্তানি জ্যেষ্ঠ তালেবান নেতা লতিফ মেহসুদকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, লতিফকে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জ্যেষ্ঠ কমান্ডার হিসেবে বর্ণনা করে তাকে সন্ত্রাসীদের নেতা বলে অভিহিত করেছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন। তবে কোথায় অভিযান চালিয়ে লতিফকে আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। লতিফকে টিটিপি’র প্রধান নেতা হাকিমুল্লাহ মেহসুদের ঘনিষ্ঠ সহচর বলে দাবি করেছেন হার্ফ। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারে বোমা হামলার প্রচেষ্টাসহ পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ওপর হামলা ও পাকিস্তানের বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য টিটিপিকে দায়ী করা হয় বলে জানিয়েছেন হার্ফ। তিনি বলেন, এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের মাটিতে আবার হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এদিকে, আফগানিস্তানের লোগার প্রদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, এক সপ্তাহ আগে লোগার প্রদেশের পূর্বাঞ্চলে গাড়ি চালিয়ে যাওয়ার সময় লতিফকে গ্রেফতার করা হয়। প্রকাশিত সংবাদসূত্রে জানা গেছে, ওই সময় তিনি বন্দী বিনিময় সংক্রান্ত একটি আলোচনা থেকে ফিরছিলেন। যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে লতিফকে ব্যবহারের চেষ্টারত আফগান গোয়েন্দাদের হেফাজত থেকে লতিফকে নিয়ে আসে যুক্তরাষ্ট্র বাহিনী। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক মুখপাত্র আইমাল ফাইজি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, আমেরিকানরা জোর করে তাকে ধরে নিয়ে বাগরাম ঘাঁটিতে আটকে রেখেছে। তিনি জানান, কয়েক মাস ধরে চেষ্টার পর আফগান গোয়েন্দাদের সঙ্গে বৈঠকে রাজি হয়েছিল লতিফ মেহসুদ। যুক্তরাষ্ট্র জোর করে লতিফকে ধরে নিয়ে যাওয়ায় আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই খুবই ক্ষুব্ধ হয়েছেন বলে প্রকাশিত কিছু প্রতিবেদনে জানানো হয়েছে। এই ঘটনার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক সফর উপলক্ষে আফগানিস্তানেই ছিলেন।- বিডিনিউজ