আসছে অনলাইন ভ্যাট

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ১৯:৫৮
অনলাইনে ছোট বড় সব ব্যবসায়ীরা মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদানের সুযোগ পেতে যাচ্ছেন। এ জন্য নিবন্ধিত সকল করদাতাগণ এবং নতুন বিন্ধনযোগ্য ভ্যাট প্রদানকারীরা অনলাইনে নিবন্ধন গ্রহণ করতে পারবেন। তাছাড়া সম্পূরক শুল্ক এবং টার্নওভার কর আদায় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী অনলাইনে সম্পন্ন করা যাবে। বিশ্বব্যাংকের সহযোগিতায় ৫৫১ কোটি টাকা ব্যয়ে ভ্যাট অনলাইন শীর্ষক প্রকল্পটি চলতি বছর থেকে বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কার্যক্রমটি শেষ হবে ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এটি বাস্তবায়িত হলে ভ্যাটদাতারা ই-পেমেন্টের সুযোগ পাবেন। ফলে ভ্যাট অফিসে না গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত রিটার্ন দাখিল ও তা পরিশোধ করা যাবে। এ সংক্রান্ত যাবতীয় দলিলাদিও স্ক্যান করে প্রেরণ করা যাবে। তাছাড়া নির্ধারিত মূসকদাতা নির্বাচন, অডিটকরণ, অডিট অনুযায়ী কার্যক্রম গ্রহণ ইত্যাদি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে সম্পাদন করা যাবে। এর মাধ্যমে ভ্যাট ফাঁকির সুযোগ কমবে। ঘরে বসে অনলাইনে কর পরিশোধ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করা সম্ভব হবে। ফলে অধিক সংখ্যক ব্যবসায়ী ভ্যাটের আওতায় আসবে। অন্যদিকে ভ্যাট প্রশাসন অধিকতর দক্ষ ও গতিশীল এবং দুর্নীতি মুক্ত হবে বিধায় রাজস্ব আদায় বহুগুণ বৃদ্ধি পাবে। প্রকল্পটি চলতি মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন করা হয়েছে। বর্তমানে আয়কর অনলাইনে প্রদান করা যায়। এছাড়া শুল্কায়ন প্রক্রিয়ার একটি বড় অংশ অটোমেশনের (স্বয়ংক্রিয়) আওতায় আনা হয়েছে। এনবিআরের যাবতীয় কার্যাবলী ডিজিটালাইজড করার জন্য উন্নয়ন সহযোগিদের চাপ রয়েছে। তারা মনে করে, অভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়াতে রাজস্ব আদায় প্রক্রিয়া অনলাইনে আনার বিকল্প নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) বাংলাদেশকে প্রদত্ত তাদের ঋণ ছাড়ের শর্ত হিসেবে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন ও ভ্যাট আদায় প্রক্রিয়া অনলাইনে আনার শর্ত দিয়ে রেখেছে। ফাঁকি ঠেকাতে এনবিআরও পুরো রাজস্ব আদায় প্রক্রিয়াকে পেপারলেস (কাগজবিহীন) করতে চায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বিভিন্ন সময় এই কার্যক্রম দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। চলতি ২০১৩-১৪ অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ভ্যাট আদায় করতে হবে এককভাবে সবচেয়ে বেশি।