জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, নিরাপত্তা পরিষদে সৌদি আরবের আসন না নেয়ার সিদ্ধান্তের বিষয়ে তিনি কোনো ‘আনুষ্ঠানিক চিঠি’ পাননি। গত বৃহস্পতিবার জাতিসংঘের ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হলেও ফিলিস্তিন ও সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে ‘দ্বৈত নীতির’ অভিযোগ তুলে আসন না নেয়ার কথা জানায় সৌদি আরব। বান কি মুন শুক্রবার বলেন, তিনি বিভিন্ন সংবাদমাধ্যম থেকে নিরাপত্তা পরিষদে সৌদি আরবের আসন না নেয়ার সিদ্ধান্তের বিষয়টি সম্পর্কে জেনেছেন। কিন্তু সৌদি আরবের কাছ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন পাননি। তিনি আরো বলেন, ‘আমি সকল সদস্য রাষ্ট্রকে জাতিসংঘের মুখ্য সংগঠনগুলোর সাথে পুরোপুরি যুক্ত হওয়ার জন্য উত্সাহিত করছি, যাতে তারা কর্মকৌশল উন্নত করার জন্য তাদের প্রচেষ্টা এগিয়ে নিতে পারে।’
