স্বপ্নে পাওয়া সোনার খোঁজে
এক সাধুর দেখা স্বপ্নের বয়ান শুনে এলাহি কারবার শুরু হয়ে গেছে ভারতের উত্তর প্রদেশে। এক কেন্দ্রীয় মন্ত্রীর আগ্রহে স্বপ্নের নির্দেশনা অনুযায়ী এক হাজার টন সোনার খোঁজে রাজা রাও রাম বক্স সিংহের দুর্গে খোঁড়াখুঁড়ি শুরু করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঐ দুর্গের নিচে সোনা পাওয়া গেলে তা যাতে বেহাত না হয়, সেজন্য নজরদারি চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি রিট আবেদনও হয়েছে। বর্তমান বাজারে এক হাজার টন সোনার দাম প্রায় ৪০ বিলিয়ন ডলার। —এনডিটিভি
কাবুলে বোমা হামলায় নিহত ২
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি একটি গাড়ি বহরের ওপর গুলিবর্ষণ ও আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে আফগান তালেবান। এই হামলায় দু’জন আফগান বেসামরিক নাগরিক নিহত ও শিশুসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল পাঁচটার দিকে কাবুলের গ্রিন ভিলেজের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণের মধ্যদিয়ে হামলাটি শুরু হয়। বিস্ফোরণের শব্দে আফগান রাজধানী প্রকম্পিত হয়। —রয়টার্স
লেবাননের ৯ তীর্থযাত্রী মুক্ত
সিরিয়ায় অপহূত লেবাননের ৯ তীর্থযাত্রীকে ছেড়ে দেয়া হয়েছে। গত বছর বিদ্রোহীরা এদের অপহরণ করে। আশা করা হচ্ছে এর মধ্যদিয়ে লেবাননে অপহূত তুরস্কের ২ পাইলটও শিগগিরই ছাড়া পাবেন। লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী মারওয়ান চারবাল শুক্রবার জানান, সিরিয়ায় অপহূত ৯ লেবানীজ বর্তমানে তুরস্কের পথে রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এক বিবৃতিতে জানান, জিম্মিরা নিরাপদ জায়গায় রয়েছেন। তারা লেবাননে প্রবেশের জন্য প্রস্তুত। —এএফপি
ধর্মঘটে বৃটেনে ২৬শ’ স্কুল অচল
বেতন ও কাজের পরিবেশের উন্নতির দাবিতে শিক্ষক ধর্মঘটের কারণে যুক্তরাজ্যের ২৬শ’ স্কুলে বৃহস্পতিবার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে। ব্রিটেনের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। ইউনিয়ন নেতারা এই ধর্মঘটকে ‘অসাধারণ সাফল্য’ অভিহিত করে বলেছেন, লন্ডনসহ দেশের চারটি অঞ্চলের ৮০ শতাংশ স্কুল তাদের এই কর্মসূচিতে সাড়া দিয়েছে। প্রস্তাবিত অবসরভাতার পরিবর্তন এবং জাতীয় বেতন কাঠামোর পরিবর্তে প্রতিটি স্কুলের জন্য পারফর্মেন্সের ভিত্তিতে বেতন-ভাতা ঠিক করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে- মূলত তার প্রতিবাদেই শিক্ষকদের এই আন্দোলন। — এনডিটিভি
