হিমায়িত মাছ রফতানি কমছে

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ১৯:৫৯
ক্রমেই কমছে হিমায়িত মাছ রফতানির পরিমাণ। এর আগে প্রতিবছর মাছ রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়লেও গত তিন বছর ধরে তা নেতিবাচক ধারায় রয়েছে। বিভিন্ন প্রকার মাছ রফতানির লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি কোনটাই অর্জিত হয়নি। তবে হোয়াইট গোল্ড (সাদা সোনা) খ্যাত চিংড়ি মাছ রফতানি বেড়েছে। এদিকে চলতি বছর থেকে চিংড়ি রফতানির বিপরীতে সাড়ে সাত শতাংশ ভর্তুকির পরিবর্তে ১০ শতাংশ ভর্তুকি দেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের ফলে চিংড়ি রফতানির পরিমাণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে এক কোটি ৪৫ লাখ ডলারের হিমায়িত মাছ রফতানির লক্ষ্যমাত্রার বিপরীতের ৭২ লাখ ডলারের মাছ রফতানি হয়েছে। যা লক্ষ্যামাত্রার তুলনায় ৪৯ দশমিক ৯৭ শতাংশ কম এবং গত বছরের একই সময়ের তুলনায় রফতানি প্রবৃদ্ধি ১৪ দশমিক ৬৭ শতাংশ কম।