বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রপ্তানি বাণিজ্যের অবস্থা বর্তমানে ভালো হলেও ভবিষ্যত্ ঝুঁকি এড়াতে রপ্তানি বাণিজ্যের পরিধি বাড়াতে হবে। রপ্তানি পণ্যের সংখ্যা ও নতুন নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ কর্মশালায় বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানাও উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী রপ্তানি খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজন যথাযথ অবকাঠামো, দক্ষ শ্রমিক, শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ। সেই সঙ্গে নিরাপত্তা, প্রশিক্ষণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। এছাড়া দেশের ব্যবসা-বাণিজ্যের পরিধি বৃদ্ধির জন্য বিপুল বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদের চাহিদা মোতাবেক বিদ্যুত্-গ্যাসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন তিনি।
বাণিজ্য সচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন, বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিনিধি ক্রিস্টিয়ান ক্রাউস, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডব্লিউটিও সেলের মহাপরিচালক) অমিতাভ চক্রবর্তী প্রমুখ। এতে ব্যবসায়িক প্রতিবন্ধকতা এবং এগুলো অতিক্রমের বিভিন্ন দিক নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের লিড ইকনোমিস্ট সঞ্জয় কাঠুরিয়া।
