টানা তিন কর্মদিবস ধরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন দুইশ’ কোটি টাকার নিচে হওয়ার পর গতকাল লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৬ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় ৫৭ শতাংশ বেশি। গতকাল বুধবার বাজারের লেনদেনের ক্ষেত্রে পোশাক খাতের অবদান সবচেয়ে বেশি হলেও ব্যাংকের শেয়ারের লেনদেন বেড়েছে। দীর্ঘদিন ব্যাংকিং খাতের শেয়ার লেনদেন কম হওয়ার পর গতকাল বাজারের মোট লেনদেনের ১৩ শতাংশ লেনদেন হয়েছে এ খাত ঘিরে। তাছাড়া ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে প্রায় সাড়ে ৪ শতাংশ। আইডিএলসি’র বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৬৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৪৩ লাখ ৬১ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১০৭ কোটি ৬০ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে জ্বালানি ও বিদ্যুত্ খাতের প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিক। ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তিতাস গ্যাসের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ দশমিক ২০ টাকা। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর। ২৪ ডিসেম্বর সকাল ১০টায় অফিসার্স ক্লাবে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিকের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭২ টাকা। এ জন্য আগামী ১৪ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর সকাল ৯টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এজিএম অনুষ্ঠিত হবে।
