ফের শেয়ারবাজারে বড় দরপতন

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২০:১২
টানা চার কর্মদিবস শেয়ারবাজারের সূচক পতনের পর মাঝে দুইদিন বাড়লেও গতকাল বৃহস্পতিবার ফের বড় দরপতন হয়েছে। গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮০ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় বাজারে দরপতন হচ্ছে। রাজনৈতিক সমঝোতার আশা দেখা দেয়ায় দুইদিন সূচক বাড়লেও রাজনৈতিক সমঝোতায় ফের টানাপোড়েন শুরু হয়েছে । আর এর প্রভাবই স্পষ্ট হয়ে উঠেছে শেয়ারবাজারে। এদিকে টানা তিন কর্মদিবস ডিএসই’র লেনদেন দুইশ’ কোটির নিচে হওয়ার পর গত দুইদিন লেনদেন হয়েছে তিনশ কোটি টাকার কাছাকাছি। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৮০ পয়েন্ট কমে ৩ হাজার ৭৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৩০ কোটি ৩১ লাখ ৪২ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৬৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৮৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। টেক্সটাইল খাতের মালেক স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া কোম্পানিটি অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি করার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৪ টাকা। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর। ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ মার্চ ২০১৪ অর্থবছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ৬ নভেম্বর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩.৮৯ টাকা এরং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০৪.০৬ টাকা।