শেয়ারবাজারের পিই রেশিও কমেছে

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ১৯:৩৬
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই) ১ দশমিক ২৫ শতাংশ কমেছে। ডিএসই’র তথ্য অনুযায়ী বর্তমান গড় পিই রেশিও ১৩ দশমিক ৬৭। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১৩ দশমিক ৮৪। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে গড় পিই রেশিও কমেছে ০.১৭। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, গেল সপ্তায় কয়েকদিন ধরে দরপতনের ফলে অনেক কোম্পানির দর আগের সপ্তাহের তুলনায় কমে গেছে। ফলে কোম্পানিগুলোর পিই রেশিও কমেছে। এতে গোটা বাজারের পিই রেশিও কমে গেছে। এ অবস্থায় বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্টরা বলেন, বাজারে পিই রেশিও যত কম হবে বিনিয়োগ সম্ভাবনা ততো ভালো হবে। তবে কোম্পানির আয় কমে যাওয়ার কারণে পিই রেশিও কমে যাচ্ছে কিনা তাও বিবেচনা করতে হবে। এদিকে দীর্ঘদিন ধরে বাজারে পিই রেশিও ১৫ এর নিচে থাকায় একে বাজারে বিনিয়োগের নিরাপদ অবস্থা বলেই বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।