নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে ব্যর্থ দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান।
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউইএফ) শুক্রবার এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করে। তালিকায় ১৩৬টি দেশের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে ইয়েমেন। আর এর ঠিক আগেই পাকিস্তান রয়েছে বলে দ্য ডন জানিয়েছে। প্রসঙ্গত, এই ১৩৬টি দেশেই বিশ্বের ৯৩ শতাংশ জনগণের বসবাস। রাজনীতিতে অংশগ্রহণ, অর্থনৈতিক সমতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো অধিকারের ওপর ভিত্তি করে প্রস্তুত করা নারী-পুরুষের বৈষম্য কমানোর এই তালিকায় সবচেয়ে ভাল অবস্থায় অর্থাত্ শীর্ষ তিনটি দেশ হচ্ছে যথাক্রমে আইসল্যান্ড, ফিনল্যান্ড ও নরওয়ে।
ডব্লিউইএফ-এর প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের বেশিরভাগ দেশেই গতবছর নারী-পুরুষের ব্যবধান কিছুটা কমেছে। আর টানা পঞ্চমবারের মতো এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আইসল্যান্ড। তবে কেবলমাত্র মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে গতবছর নারী-পুরুষের বৈষম্যমূলক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে নারী-পুরুষ সমতার দিক দিয়ে এগিয়ে রয়েছে এশিয়ার ফিলিপাইন ও মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। দুটো দেশই শীর্ষ ১০-এর মধ্যে আছে। গত আট বছর ধরে এ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে ডব্লিউইএফ।
