পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি আওয়ামী লীগ অস্তিত্বের

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৯
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা) আসনে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু হয়েছে। গত ক’দিন ধরে চলছে উভয় দলের পাল্টাপাল্টি শো-ডাউন। এ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হলেও বিএনপিতে অর্ধ ডজন মনোনয়ন দৌড়ে রয়েছেন। এ আসনে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের তুলনায় এগিয়ে রয়েছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। আওয়ামী লীগ এ আসনটি ধরে রাখতে এবং বিএনপি পুনরুদ্ধার করতে ভিন্ন কৌশলে এগুচ্ছে। তবে উভয়দলের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ কোন্দল। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, কেন্দ্রীয় বিএনপি নেতা আলানা গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি কর্নেল (অব.) এম.আনোয়ারুল আজিম, চৈতী গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম, ভাইয়া গ্রুপের পরিচালক ও লাকসাম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজির আহম্মদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক সফিকুর রহমান সফিক ও জামায়াত নেতা সাবেক সচিব সোলায়মান চৌধুরী। অপরদিকে, প্রচারণায় পিছিয়ে থাকলেও এ আসনে বর্তমান সরকার দলীয় এমপি শিল্পপতি মোঃ তাজুল ইসলামের প্রার্থিতা অনেকটা নিশ্চিত। তবে এখানে আওয়ামী লীগ থেকে ২/৩ জন মনোনয়ন পেতে চেষ্টা করছেন। জাতীয় পার্টি (এরশাদ) একমাত্র প্রার্থী জাপা কেন্দ্রীয় নেতা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. গোলাম মোস্তফা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (চরমোনাই) প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের নাম শুনা যাচ্ছে। মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে নানা রকম প্রতিশ্রুতি, অভাব-অভিযোগসহ নানা সমস্যা সমাধানে জোর তত্পরতা অব্যাহত রেখেছেন। সকলে শহর থেকে গ্রামাঞ্চলে কোন না কোন এলাকায় গণসংযোগ সামাজিক অনুষ্ঠান সভা-সমাবেশ, মিছিল, সামাজিক দেন-দরবার, পোস্টারিং, লিফলেট, বিলবোর্ড, ব্যানারসহ নানা রকম প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন।