এডিপি বাস্তবায়নে ধীরগতি

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ১৯:৫৬
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ১১ শতাংশ। আগের অর্থবছরের একই সময়কালে এ হার ছিল ১৩ শতাংশ। এ সময়ে অর্থ ব্যয় করা সম্ভব হয়েছে মাত্র ৬ হাজার ৯৯৪ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যবহার করা সম্ভব হয়েছে ৫ হাজার ৩৩ কোটি টাকা বা ১২ শতাংশ। অন্যদিকে বৈদেশিক সহায়তার অর্থ ব্যবহার করা সম্ভব হয়েছে ১ হাজার ৯৬১ কোটি টাকা বা ৮ শতাংশ। গত অর্থবছরে এ হার ছিল যথাক্রমে ১৪ ও ১০ শতাংশ। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম তিন মাসে সরকারের ২৬টি মন্ত্রণালয় ও বিভাগে এডিপি বাস্তবায়নের হার ১০ ভাগের নিচে রয়েছে। আবার ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ এডিপির বাস্তবায়নের হার হচ্ছে ১ শতাংশের নিচে। দেশের রাজনৈতিক অস্থিরতা এবং সংশ্লিষ্ট প্রকল্পে ধীরগতির ফলে এ হার কমেছে বলে উল্লেখ করেছে সংশ্লিষ্টরা। তবে প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের শীর্ষে রয়েছে স্থানীয় সরকার বিভাগ ২২ শতাংশ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ১৭ শতাংশ। আইএমইডির তথ্যানুযায়ী, অর্থবছরে তিন মাসে এডিপি বাস্তবায়নের দিক থেকে শীর্ষে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাস্তবায়ন হার ৩০ শতাংশ। এর পরই রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, ২৭ শতাংশ, ধর্ম মন্ত্রণালয় ২৪ শতাংশ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২২ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ১৬ শতাংশ, কৃষি মন্ত্রণালয় ১৩ শতাংশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ৯ শতাংশ এবং সড়ক বিভাগের এডিপি বাস্তবায়ন হয়েছে ১০ শতাংশ। অন্যদিকে তিন মাসে এক শতাংশ বাস্তবায়নও হয়নি সেতু বিভাগ, ডাক ও তার মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়। শীর্ষ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে বিদ্যুত্ বিভাগ বাস্তবায়ন করেছে মাত্র ৫ ভাগ অর্থ। স্বাস্থ্য মন্ত্রণালয় ৯ শতাংশ এবং সড়ক বিভাগ ১০ শতাংশ। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় ১৬ শতাংশ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে বরাদ্দের ৩ শতাংশ অর্থ।