কংগ্রেস এমপির বিরুদ্ধে শ্বেতার অভিযোগ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২১:২৪
এক পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মেনন। দক্ষিণ ভারতে তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী বলিউডে ৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। শ্বেতা অভিযোগ করেছেন, কেরালার কোলাম অঞ্চলের এক জলসায় তাকে শ্লীলতাহানি করেন সেখানকার স্থানীয় এক এমপি। শ্বেতা অভিযোগ করেছেন, ওই এমপি জলসায় এসে বিভিন্ন অজুহাতে তার গায়ে হাত দিচ্ছিলেন। শ্বেতা বিরক্তি প্রকাশ করলেও ওই রাজনীতিক বার বার একই কাজ করতে থাকেন। তবে গণমাধ্যমের কাছে ওই এমপির নাম প্রকাশ করতে চাননি শ্বেতা। তবে শ্বেতা নাম প্রকাশ না করলেও মিডিয়া ওই জলসার ভিডিও ফুটেজ দেখে ঠিকই খুঁজে বের করেছে সেই রোমিও মার্কা রাজনীতিককে। তিনি হলেন- কংগ্রেস এমপি এন পেথাম্বারা। তবে ৭৩ বছর বয়সী পেথাম্বারা এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্বেতাকে একটা কথা বলতে চেয়েছিলাম; কিন্তু প্রচণ্ড আওয়াজের জন্য তা শুনতে পাচ্ছিল না। একারণে বারবার তার গায়ে হাত দিতে হচ্ছিল। আমার মনে খারাপ কিছু ছিল না।’ শ্বেতা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি এই ঘটনায় সত্যি অস্বস্তি ও অপমানিত বোধ করেছি।’ শ্বেতার পাশে দাঁড়িয়েছেন সিনেমার কলাকুশলীরা। তিনি এ ব্যাপারে থানায় যৌন হয়রানির মামলা করেছেন।