ডিএসই থেকে রাজস্ব আদায় কমেছে

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:০০
১৮ দলের ডাকা টানা তিন দিন হরতালের দ্বিতীয় দিনও শেয়ারবাজারে সূচক বেড়েছে। গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৪ পয়েন্ট বাড়লেও কমেছে লেনদেন। তবে একে বাজারের স্বাভাবিক ওঠানামা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, দুইদিন সূচক বাড়ার পর গতকাল কিছুটা ওঠানামার মধ্য দিয়ে বাজার অতিক্রম করাই স্বাভাবিক। আর মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকেই সূচক বাড়ার গতি কিছুটা কমেছে। এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের অক্টোবরে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে। অক্টোবরে ডিএসইতে সরকার রাজস্ব আদায় করেছে ১১ কোটি ১১ লাখ ৩ হাজার ৩৭৩ টাকা। যা সেপ্টেম্বরের আয় থেকে ৩ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৬২৭ টাকা কম। সেপ্টেম্বর মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় ছিল ১৪ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকা। জানা যায়, ডিএসইর দুই খাত থেকে সরকার রাজস্ব পেয়ে থাকে। খাত দুটি হলো: ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউজ এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ। অক্টোবরে ডিএসই থেকে সরকারের আদায়কৃত রাজস্বের মধ্যে ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউজ থেকে ৭ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৩৬ টাকা এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ৩ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ২৩৭ টাকা রাজস্ব আদায় করে। ডিএসই সংশ্লিষ্টরা বলছেন, গেল মাসে বাজারে লেনদেনের পরিমাণ কমে যাওয়ায় ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২৩ কোটি ১৩ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের। পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের ইস্টার্ন হাউজিংয়ের পরিচালনা পর্ষদ ৩১ জুলাই ২০১৩ ইং তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বর, সকাল ১১টায়, রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে।