ব্যাংকের শেয়ারের পাশাপাশি গতকাল মঙ্গলবার শেয়ারবাজারের সূচকেও মিশ্রভাব দেখা গেছে। দিনভর ওঠানামা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কিছুটা বাড়লেও লেনদেন কমে গেছে সাড়ে ২৪ ভাগ। প্রায় দেড় মাস পর সোমবার ডিএসই’র লেনদেন পাঁচশ’ কোটি টাকা ছাড়ালেও গতকাল লেনদেন হয়েছে ৩৮১ কোটি টাকা।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, টানা কয়েকদিন ধরে সূচক বাড়ার ফলে গতকালও বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতা ছিল। এদিকে সতর্ক বিনিয়োগকারীদের মধ্যেও কিছুটা বিক্রির প্রবণতা ছিল। তবে শেষ পর্যন্ত গতকালও বাজারে লেনদেনের শীর্ষে ছিল ব্যাংকিং খাত। এ খাতে লেনদেন হয়েছে বাজারের মোট লেনদেনের ২৪ ভাগ। এরপরই ছিল পোশাক খাতের অবদান। এ খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ২২ ভাগ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় কিছুটা কমে ৪ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১২৩ কোটি ৩৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।
