জেনেভায় পরমাণু আলোচনায় সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছিল ইরান ও বিশ্বের পরাশক্তিগুলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিবিসিকে বলেছেন, ইরান ও পরাশক্তিগুলোর মধ্যে বিদ্যমান মতপার্থক্য এতটা প্রবল নয় যে, যার কারণে উভয়পক্ষের মধ্যে একটি চুক্তি করা যাবে না। তিনি বলেন, সম্প্রতি জেনেভা বৈঠকে তারা একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছিলেন।
কেরি বলেন, তিনদিনের অলোচনায় আমরা বিরাট কোন সাফল্য অর্জন করতে না পারলেও আমরা সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছিলাম। ২০ নভেম্বর আমরা আবার আলোচনায় বসব। তবে একটা ব্যাপারে বিশ্ববাসীকে নিশ্চিত হতে হবে যে ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে না।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য দূর করার জন্য আরো সময় প্রয়োজন উল্লেখ করে জন কেরি বলেন, ৩৫ বছর ধরে আমাদের কথা কার্যত বন্ধ রয়েছে। আমরা ৩০ ঘন্টায় যে আলোচনা করেছি গত ৩০ বছরেও সে আলোচনা হয়নি। ইরান বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ লক্ষে পরিচালিত। কিন্তু পশ্চিমারা সন্দেহ করছে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। কেউ কেউ বলছেন এবারের আলোচনা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ফ্রান্স। দেশটি ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াতে চেয়েছিল। ইরান ইতিমধ্যে জাতিসংঘের সাথে একটি চুক্তি করেছে। এর ফলে আইএইএ’র পর্যবেক্ষকরা ইরানের প্রধান দুটি পরমাণু স্থাপনায় আরো বেশি নজরদারি করতে পারবে।
