টানা চারদিন ডিএসই’র সূচক বেড়েছে

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২০:১১
টানা চারদিন ধরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে। ব্যাংকিং খাত ও বস্ত্র খাতের সুবাদেই ডিএসই’র সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। গতকাল সোমবার ডিএসইতে সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। আর লেনদেনে প্রাধান্য দেখা গেছে, বস্ত্র খাত, জ্বালানি খাত এবং ব্যাংকিং খাতের। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, দেশের রাজনৈতিক সঙ্কট নিরসনে কোনো সমাধান না হলেও শেয়ারবাজারে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। কয়েকদিন ধরে বাজারে ইতিবাচক প্রবণতার কারণেই বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। ফলে নীট বিনিয়োগ আসছে। এদিকে গত কয়েকদিন ধরে ব্যাংকিং খাতের শেয়ার দর ইতিবাচক থাকার পর গতকাল কিছুটা মূল্য সংশোধন হয়েছে। সেই সঙ্গে জীবন বীমা খাতের কোম্পানিগুলোরও দাম কমেছে প্রায় ৪ শতাংশ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৯ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৮১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। ডিএসই’র একটি পরিদর্শক দল সামপ্রতিক সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বাংলাদেশ অটোকারস লিমিটেডের ফ্যাক্টরি ও প্রধান কার্যালয় পরিদর্শন করেছে। তারা জানিয়েছে, পরিদর্শনকালে বিডি অটোকারসের থ্রি হুইলার বেবি টেক্সির (ইউনিট-১) উত্পাদন সম্পূর্ণ বন্ধ। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ২০০১-০২ সাল থেকে এর উত্পাদন বন্ধ রয়েছে। তাছাড়া সিএনজি কনভারশন (ইউনিট-৩) পুরোপুরি সচল নেই। শুধু সিএনজি রি-ফুয়েলিংয়ে (ইউনিট-২) সম্পৃক্ত রয়েছে। কোম্পানির ফ্যাক্টরি ও প্রধান কার্যালয় ভাড়ার ভিত্তিতে কোম্পানির চেয়ারম্যানের কাছ থেকে গ্রহণ করা হয়েছে।