চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পণ্য-বাণিজ্যের ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। চলতি অর্থবছরের তিন মাসে পণ্য-বাণিজ্যে ঘাটতি কমে দাঁড়িয়েছে ১২৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলারে। আর গত অর্থবছরের ঘাটতির পরিমাণ ছিল ১৮৭ কোটি ৫০ লাখ ডলার। অর্থাত্ আগের অর্থবছরের চেয়ে বর্তমান অর্থবছরে ৩২ দশমিক ৩৭ শতাংশ ঘাটতি কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য দেখা গেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে পণ্য আমদানির (জাহাজ ভাড়াসহ) পেছনে ব্যয় হয়েছে ৮৮০ কোটি ৪০ লাখ ডলার। যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় নয় দশমিক ৩৭ শতাংশ বেশি। সে সময়ে আমদানির পেছনে ব্যয় হয়েছিল ৮০৫ কোটি ডলার। অন্যদিকে, অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানি থেকে আয় হয়েছে ৭৫৩ কোটি ৬০ লাখ ডলার। যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। আগের বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে রপ্তানি হয়েছিল ৬১৭ কোটি ৫০ লাখ ডলারের।
যখন পণ্য বাণিজ্য ঘাটতি কমছে ঠিক সে সময়েই উল্টো পথে যাচ্ছে সেবা-বাণিজ্য। সেবা খাতের বাণিজ্য ঘাটতি বাড়ছেই। হিসাবে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সেবা-বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৮৭ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এখাতের বাণিজ্য ঘাটতি ছিল ৮৩ কোটি ৭০ লাখ ডলার। সেবা-বাণিজ্যের মধ্যে মূলত বিদেশে শিক্ষা ও চিকিত্সা, বীমা, ভ্রমণ ইত্যাদি সংক্রান্ত আয়-ব্যয় অন্তর্ভুক্ত।
এদিকে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে চলতি হিসাবের ভারসাম্যে ৭৮ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। আগের বছরে একই সময়ে তা ছিল ৩৩ কোটি ১০ লাখ ডলার।
