শেয়ারবাজারে মূল্য সংশোধন

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২০:৪৪
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাতদিনে প্রায় আড়াইশ’ পয়েন্ট সূচক বাড়ার পর গতকাল বৃহস্পতিবার কিছুটা দর সংশোধন হয়েছে। এদিন ডিএসই’র সূচক কমেছে ৪৩ পয়েন্ট। সঙ্গে কমেছে লেনদেনও। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের দর সংশোধন বাজারের স্বাভাবিক প্রক্রিয়া, এর মাধ্যমেই বাজার স্থিতিশীল হয়। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৪৩ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৫৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৮ কোটি ১১ লাখ ৭৯ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৬১ কোটি ৪০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে দর বৃদ্ধির ফলে অনেকের বিনিয়োগে মুনাফা স্পষ্ট হয়ে উঠেছে। তাই তাদের শেয়ার বিক্রয়ে ডিএসই’র সূচক কিছুটা কমেছে। এদিকে গতকাল বাজারে লেনদেনের কেন্দ্রবিন্দুতে ছিল বস্ত্র খাত। এ খাতে লেনদেন হয়েছে প্রায় ১৬৫ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২৩ ভাগ। এছাড়া ইঞ্জিনিয়ারিং, জ্বালানি ও ব্যাংক খাতেও ভালো লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই’র সদস্য ডেটন হোল্ডিং লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুত্ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ক্রেডিট রেটিংয়ে ‘এএ’ পেয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানি এটি নির্ধারণ করেছে।