এসএমই মেলা ২৬ ডিসেম্বর থেকে

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২০:৪৫
রাজধানীতে ৫ দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) পণ্যের প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এ মেলা চলবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এসএমই পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন তৃতীয়বারের মতো এই মেলার আয়োজন করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় ১৫০টি এসএমই প্রতিষ্ঠান বা উদ্যোক্তা এই মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবেন। মেলায় পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ইমিটেশন ও জুয়েলারী, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য প্রদর্শিত হবে। স্টল বরাদ্দের জন্য আবেদন জমা দেয়া যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এসএমই ফাউন্ডেশনের কার্যালয় এবং fair.smef.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।