বিশ্বের উচ্চতম শৃঙ্গকে পরিচ্ছন্ন করার প্রয়াসে এই আইন করা হচ্ছে বলে নেপালের এক কর্মকর্তা জানিয়েছে।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা মধুসুদন বারলাকোতি বলেছেন, আগামী এপ্রিলে হিমালয়ের বেস ক্যাম্প থেকে যাত্রা করা পর্বতারোহীদের দিয়েই আইনটি বাস্তবায়ন শুরু হবে। আইনটি মানতে ব্যর্থদের মুখোমুখি হতে হবে আইনি ব্যবস্থার, বলেন বারলাকোতি। তবে সাজার ধরন কেমন হবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি। অনেকদিন ধরেই এভারেস্ট চূড়ায় জমছে অভিযাত্রীদের ফেলে রেখে আসা বিভিন্ন জিনিসপত্র। এর মধ্যে অক্সিজেন সিলিন্ডার, মানববর্জ্য এমনকি অভিযানে গিয়ে মারা যাওয়া অভিযাত্রীদের মৃতদেহও রয়েছে। অতিরিক্ত ঠাণ্ডায় এসব আবর্জনার কোনো পচনও নেই। বারলাকোতি বলেন, এভারেস্ট পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রত্যেক অভিযাত্রীকে এভারেস্ট থেকে ৮ কেজি করে আবর্জনা নিয়ে নামতে হবে। নামার পর এসব আবর্জনা বেস ক্যাম্পে স্থাপন করা কার্যালয়ে জমা দিতে হবে। আগামী মাসেই বেস ক্যাম্পে এই কার্যালয় চালু করা হবে।-বিডিনিউজ
