বাহরাইনে বিস্ফোরণে তিন পুলিশ নিহত

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:০৩
বাহরাইনে একটি দূরনিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। একটি গ্রামে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে হামলাটি চালানো হয়। সোমবার রাজধানী মানামার পশ্চিমে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলাকে সাম্প্রতিক সময়ে সংঘটিত সবচেয়ে নৃশংস সহিংসতার ঘটনা বলে বর্ণনা করেছে মন্ত্রণালয়। দায়িহ গ্রামে একটি জানাজা শেষে একদল প্রতিবাদকারী বিক্ষোভে ফেটে পড়ে। তারা স্থানীয় রাস্তাগুলোতে প্রতিবন্ধক স্থাপন করে সেগুলো বন্ধ করে দেয়ার চেষ্টা করে। পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টাকালে বিস্ফোরণটি ঘটানো হয়। এছাড়া আরো দুটি বিস্ফোরণ ঘটানো হলেও সেগুলোতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। অপর একটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। রাহরায়েনের প্রতিবেশী আরব আমিরাত জানিয়েছে, নিহতদের একজন তাদের পুলিশ বাহিনীর কর্মকর্তা। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল বাহিনীর সদস্য হিসেবে তিনি রাজনৈতিক অস্থিরতা কবলিত বাহরাইনে গিয়েছিলেন। বাহরাইনের সরকার বিরোধী প্রধান গোষ্ঠীগুলো হামলাটিকে অপরাধমূলক কাজ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছে। দাবি আদায়ে নিজেদের সমর্থকদের শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে গোষ্ঠীগুলো। দীর্ঘদিন ধরে দেশটির সুন্নি বাদশাশাসিত সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জানিয়ে আসছে দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়ারা। শিয়াদের অভিযোগ অস্বীকার করে আসছে দেশটির সরকার। হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের আইনের হাতে সোপর্দ করার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বাহরাইনের বাদশা হামাদ। রাজনৈতিক সংস্কারের দাবিতে ২০১১ সাল থেকে আন্দোলন করে আসছে সংখ্যাগরিষ্ঠ শিয়ারা। তখন থেকে দেশটিতে মাঝারি ধরনের অস্থিরতা বিরাজ করছে।