ভারতীয় নৌবাহিনীর নির্মাণাধীন একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজে দুর্ঘটনায় দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে মুম্বাইয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডকইয়ার্ডে ডেস্ট্রয়ার জাহাজটির কারিগরি দিকগুলো পরীক্ষা করে দেখার সময় এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার জানানো হয়।
যান্ত্রিক গোলযোগে লিক করা কার্বন-ডাই অক্সাইড গ্যাস নিঃশ্বাসের সঙ্গে দেহে প্রবেশ করলে বিষক্রিয়ায় কমান্ডার কুস্তুল ওয়াধ্যায়া (৪২) মারা যান। এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী বলেছে, নৌবাহিনী একটি বোর্ড গঠন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। গ্যাস লিকজনিত কারণে ডকইয়ার্ডে কর্মরত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরো দু’জন কর্মী আহত হয়েছেন। হাসপাতালে চিকিত্সাধীন এ দুই কর্মীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আলোচিত ডেস্ট্রয়ারটি ভারতে নির্মিত সর্বাধুনিক যুদ্ধজাহাজগুলোর মধ্যে অন্যতম।
