আন্তঃব্যাংক জালিয়াতির অভিযোগ

যুক্তরাষ্ট্রে ১৬ ব্যাংকের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২১:২৪
মার্কিন ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা এফডিআইসি সে দেশে অবস্থানরত ১৬টি ব্যাংকের বিরুদ্ধে লন্ডন আন্তঃব্যাংকের নির্দিষ্ট হার (লিবর) নিয়ে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছে। শুক্রবার এ মামলা দায়ের করা হয়। লিবর রেট মূলত লাখ লাখ কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি করার ক্ষেত্রে ব্যবহূত হয়। যার মধ্যে মর্টগেজ ও বাণিজ্যিক লেনদেনও রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা জানায়, এ ধরনের কারসাজির কারণে যুক্তরাষ্ট্রের ৩৮টা ব্যাংকের বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে। যে কারণে এ ব্যাংকগুলো বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর এ ঘটনা ঘটে। যেসব ব্যাংকের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার মধ্যে রয়েছে বারক্লেস, এইচএসবিসি, সিটি গ্রুপ ও রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড। এছাড়া ব্রিটিশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিবিএ) বিরুদ্ধেও এই অভিযোগ দায়ের করা হয়েছে। মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফডিআইসি (ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন) জানায়, এসব ব্যাংকের বিরুদ্ধে ২০০৭ সালের আগস্ট থেকে ২০১১ সালের জুন পর্যন্ত লন্ডন আন্তঃব্যাংক অফার রেট নিয়ে জালিয়াতি করে। অভিযুক্ত অন্যান্য ব্যাংক হচ্ছে : ব্যাংক অব আমেরিকা, জেপি মর্গান চেজ, ডয়চে ব্যাংক, লিয়নডস ব্যাংক, ক্রেডিট সুইস, ইউবিএস এবং র্যাবোব্যাংক।