ভেনেজুয়েলায় অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে ৩ জেনারেল গ্রেফতার

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২২:১৫
ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে বিমান বাহিনীর তিনজন জেনারেলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জেনারেলরা দেশটির বিরোধী দলীয় নেতাদের সাথে যোগসাজশে এ ষড়যন্ত্রের নীল নকশা করে বলে প্রেসিডেন্ট মাদুরো মঙ্গলবার দক্ষিণ আমেরিকার পররাষ্ট্র মন্ত্রীদের সাথে আলাপকালে এই কথা বলেন। গ্রেফতারকৃত জেনারেলরা সামরিক আদালতে আত্মসমর্পণ করেছেন। মাদুরো আরো বলেন- চক্রান্তের বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়, বিমান বাহিনীর আরো কর্মকর্তা এতে জড়িত থাকতে পারেন। এ ব্যাপারে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারনানডা ফালকন বলেন, ভেনেজুয়েলায় সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সামরিক বাহিনীর জেনারেলরা জড়িত এটা ১৫ বছরের মধ্যে এই প্রথম। ভেনেজুয়েলায় সাম্প্রতিক সময়ে বিক্ষোভে কমপক্ষে ৩৪ জন লোক নিহত হওয়ার দেড় মাস পর সরকার উত্খাতের এ ষড়যন্ত্র প্রকাশ হলো।