ফাইনালের পথে এগিয়ে থাকলো বেনফিকা ও সেভিয়া

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৩০
বেনফিকা ও সেভিয়া ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে জিতে ফাইনালে পথে এগিয়ে থাকলো। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউরোপের ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই প্রতিযোগিতায় জুভেন্টাস ও ভ্যালেন্সিয়াকে হারিয়ে দেয় দলদুটি। লিসবনে ব্রাজিলীয় স্ট্রাইকার লিমার অসাধারণ এক গোলে বেনফিকা ২-১ গোলে হারায় জুভেন্টাসকে। আর প্রথমার্ধের দুই গোলে ভর করে লা লিগার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতে সেভিয়া। বেনফিকা এস্তাদিও ডু লুজে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায়। তবে খেলা শেষ হবার ১৭ মিনিট আগে সিরিএ’র শীর্ষ দলটিকে সমতায় ফেরান কার্লোস তেভেজ। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি জুভেন্টাসের। কেননা শেষ বাশির ৬ মিনিট আগে দুর্দান্ত এক গোলে স্বাগতিক বেনফিকাকে এগিয়ে দেন লিমা। জুভেন্টাস কোচ আন্তনিও কন্তে খেলা শেষে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ওই অবস্থায় গিয়ে দ্বিতীয় গোলটি হজম করাটা ছিল আমাদের জন্য লজ্জার ব্যাপার। এর ফলে আমরা যেন আছাড় খেয়ে পিছিয়ে পড়েছি।’ পিছিয়ে পড়ার কারণে ফাইনাল নিশ্চিত করতে হলে আগামী বৃহস্পতিবার নিজেদের মাঠে ফিরতি লেগে জুভেন্তাসকে অবশ্যই জয়লাভ করতে হবে। ১৪মে এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ফাইনাল। গত সপ্তাহে পর্তুগালের ৩৩তম লিগ শিরোপা জেতা বেনফিকা তৃতীয় মিনিটেই বাঁ প্রান্ত দিয়ে কর্ণার থেকে আক্রমণ চালিয়ে এগিয়ে যায়। বলটি গোল বক্স থেকে বাঁক নেয়ার মুহূর্তে আর্জেন্টাইন সেন্ট্রাল ডিফেন্ডার ইজিকুইয়েল গ্যারি হেডে পরাস্ত করেন জুভ গোলরক্ষক জিয়ানলুইজি বাফনকে (১-০)। এরপর জেগে ওঠে ইতালির জায়ান্ট দলটি। পাল্টা আক্রমণ চালিয়ে সুসংঘটিত বেনিফিকার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তুললেও প্রথমার্ধ শেষ হবার আগে কোন সাফল্য দেখাতে পারেনি। ৭৩ মিনিটে আর্জেন্টাইন তারকা তেভেজ ১-১ ব্যবধান গড়লেও আকস্মিকভাবে জ্বলে ওঠেন লিমা। ৮৪ মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসান তিনি (২-১)। এদিকে র্যামন সানচেজ পিজুয়ানে দাপটে প্রথম লেগের সেমিফাইনালে জয় নিশ্চিত হয় ২০০৬ ও ২০০৭ সালের চ্যাম্পিয়ন সেভিয়ার। ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। বাসস/এএফপি