‘২,৪৫৩টি ম্যাচ ও ৬১টি শিরোপা’!
না ভুল পড়ছেন না। রায়ান গিগস, পল স্কোলস, নিকি বাট ও ফিল নেভিলস ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কতটা গুরুত্বপূর্ণ সেটা ছোট এই তথ্য দিয়েই বোঝানো যায়। ‘ক্লাস অব ৯২’-এর চার সদস্যই এখন রেড ডেভিলদের কোচিং স্টাফের চুম্বক অংশ। নেতৃত্বে আছেন রায়ান গিগস।
আজ সেই ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াই নরউইচ সিটির বিপক্ষে। প্রতিপক্ষ বিবেচনায় বড় কোন শক্তি না হলেও ভাবতে হচ্ছে ইউনাইটেডকে। কারণ, সব হারানোর মৌসুমে দলটি যে নামতে নামতে এখন অবস্থান করছে পয়েন্ট তালিকার সপ্তম অবস্থানে।
দলকে ধ্বংসস্তূপে পাঠিয়ে দেয়ার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ডেভিড ময়েস বরখাস্ত হবার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছেন ওল্ড ট্রাফোর্ড আইকন রায়ান গিগস। এখন তার প্রথম লক্ষ্য দলের সমস্যাগুলোর প্রতিকার করে হারানো গৌরব ফিরিয়ে আনা। সেই লক্ষ্যেই প্রিমিয়ার লিগে শনিবার নরউইচের মুখোমুখি হচ্ছে ইউনাইটেড।
দীর্ঘ ১০ মাস ধরে দায়িত্ব পালনের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডকে বাজে অবস্থানে নিয়ে গেছেন ময়েস। এখন গিগসের লক্ষ্য অন্তত সমাপ্তিটা ভাল করার। মঙ্গলবার সাবেক দল এভারটনের কাছে ২-০ গোলে পরাজিত হবার পর স্কটিশ কোচ ময়েসের বিদায় ঘন্টা বেজে যায়। এটি ছিল প্রিমিয়ার লিগের চলতি আসরে ইউনাইটেডের ১১তম হার। যে কারণে বর্তমান চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের ৭ম অবস্থানে নেমে আসে। এটি স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলের দলের সঙ্গে কোনভাবেই মেলানো যায় না। যিনি দুই দশক ধরে দলটির দায়িত্ব পালন করে গত গ্রীষ্মে অবসর গ্রহণ করেছেন।
নতুন করে স্থায়ী কোচ নিয়োগ না পাওয়া পর্যন্ত ৪০ বছর বয়সী গিগসই পালন করবেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব। তবে মৌসুম শেষ হবার পরেই হয়তো নিয়োগ পাবে নতুন কোচ। ওই তালিকার শীর্ষে রয়েছেন হল্যান্ডের কোচ লইস ফন গাল। গত বিশ্বকাপ আসরের পর গ্যাস হিডিংকের হাতে চাকরি হারান তিনি।
এটি পরিষ্কার যে গিগস ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব স্থায়ীভাবে পাচ্ছেন না। তবে চলতি মৌসুমে হাতে থাকা চার ম্যাচে তিনিই দলটি পরিচালনা করছেন। আর এই সুযোগেই নিজের দক্ষতার ছাপ রাখতে চান ৪০ বছর বয়সী গিগস। ওই কাজে তিনি সহকারী হিসেবে পাচ্ছেন ময়েসের সহকারীর দায়িত্বপালনকারী ফিল নেভিলকে। যিনি গিগসেরও সাবেক বন্ধু। পাচ্ছেন ৯২ সালের যুব দল থেকে মূল দলে ফেরা সহযোদ্ধা নিকি বাট ও পল স্কোলসকেও। যারা একত্রে লড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ক্লাবটিকে পৌঁছে দিয়েছেন খ্যাতির শীর্ষে।
ইতোমধ্যে ক্লাবের সংরক্ষিত দলটির কোচের দায়িত্বে থাকা বাট মনে করেন ইউনাইটেডের মূল দলের দায়িত্ব পালনের সুযোগ চারজনের এই গ্রুপটির জন্যও গৌরবের। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অসাধারণ এক প্রাপ্তি। একটি গৌরবোজ্জ্বল মুহূর্ত। এর আগে আমরা ১২ জন মিলে একত্রে এগিয়ে গেছি। এখনো একত্রিত হয়েছি। আমি এখনো ৪০ বছরে পা রাখিনি। তবে গিগস ওই বয়সে পৌঁছেছেন। আমি এবং স্কোলস অবশ্য কাছাকাছি পৌঁছে গেছি। তাই ফিলসহ আমাদের সবার জন্য গোটা বিষয়টি বেশ গৌরবের। এখানে আমরা এসেছি ক্লাবকে সহায়তা করার জন্য এবং এখন থেকেই আমরা এর ফলাফল পেতে চাই। চলতি মৌসুমের শেষ পর্যন্ত সময়টি আমাদের হাতে রয়েছে। এর পর কি হয় কে জানে। এই ক্লাবে আমরা কিছু অসাধারণ খেলোয়াড় পেয়েছি। যারা ইউনাইটেডের ব্যাপারে খুবই ইতিবাচক। তারা ক্লাবের জন্য সেরাটাই দিতে চায়। আগামী শনিবার হবে আমাদের জন্য বিশাল এক উপলক্ষ। এটি যে শুধু রায়ানের জন্য, তা নয়। বরং সকল স্টাফ থেকে শুরু করে সমর্থক ও খেলোয়াড়দের জন্যও। কারণ তারা সবাই জানে যে চলতি মৌসুমে আমরা লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছি।’-বাসস/এএফপি
