অর্জন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২১:৫৩
ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ‘অর্জুনা পদক’ দেয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই’র গেম ডেভেলপমেন্ট কমিটির জেনারেল ম্যানেজার রত্নাকর শেঠি বলেন, ‘হ্যাঁ, অর্জুনা পদকের জন্য নাম জমা দেয়ার নির্ধারিত সময় ৩০ এপ্রিলের আগে আমরা অশ্বিনের নাম সুপারিশ করে পাঠিয়েছি। অন্য কোন ক্রিকেটারের নাম (এ পদকের জন্য) সুপারিশ করা হয়নি। ক্রিকেটার হিসেবে গত বছর এ পুরস্কার পেয়েছিলেন বিরাট কোহলি। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৪৬ ক্রিকেটারকে ক্রীড়াঙ্গনের সম্মানজনক এ পুরস্কার দেয়া হয়েছে। গত ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে কম সময়ে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট পূর্ণ করেন অশ্বিন। শচিন টেন্ডুলকারের বিদায়ী টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত নভেম্বরে নিজের ১৯তম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।