লঙ্কান ক্রিকেট বোর্ডকে ইসিবির ক্ষতিপূরণ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২১:৫৪
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কোচ পল ফারব্রেসকে ছেড়ে দেয়ার জন্য শ্রীলংকা ক্রিকেটকে (এসএলসি) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিশাল অংকের ক্ষতিপূরণ দিয়েছে বলে জানা গেছে। শ্রীলংকার প্রধান কোচের দায়িত্ব ছেড়ে ফারব্রেচ সমপ্রতি ইংল্যান্ড প্রধান কোচ পিটার মুরসের সহকারী হিসাবে যোগ দিয়েছেন। এসএলসির সঙ্গে করা দুই বছরের চুক্তি অনুযায়ী ফারব্রেচের ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত লঙ্কান দলের সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু পাঁচ মাস দায়িত্ব পালনের পর লংকান দলের দায়িত্ব ছেড়ে বৃহস্পতিবার ইংল্যান্ড দলে যোগ দেন তিনি। ইসিবির দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘ইসিবি এবং এসএলসির মধ্যে সমঝোতার পর ইংল্যান্ড ম্যানেজমেন্ট টিমের সঙ্গে ফারব্রেচের চুক্তি সম্ভব হয়েছে।’ এ বিষয়ে জানার জন্য এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ক্ষতিপূরণ হিসেবে এসএলসিকে ইসিবি’র দেড় লাখ পাউন্ড দিতে হয়েছে। এ অর্থের পরিমাণ প্রায় এসএলসির সঙ্গে ফারব্রেচের বার্ষিক চুক্তির সমান। অবশ্য ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ার থেকে নিজেদের দলে ভেড়াতে এসএলসিকে তখন ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছিল। বাসস