কার্লোস তেভেজের জুনে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রায় শেষ। কেননা আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা বলেই দিয়েছেন এর আগে ডাক পাননি এমন কাউকে তার নেয়ার সম্ভাবনা ‘খুবই কম।’
তেভেজ অবশ্য এ মৌসুমে জুভেন্তাসের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। ইতালির দলটি সিরি এ এবং ইউরোপা লিগ জয়ের চেষ্টায় তিনিই হলেন প্রাণপুরুষ। তেভেজ সম্প্রতি জানিয়েছেন যে, এবারের গ্রীষ্মে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপটিতে দেশকে প্রতিনিধিত্ব করার ব্যাপারে তিনি আশাবাদী।
মুশকিল হচ্ছে, সাবেলা ২০১১ সালে অ্যালবিসেলেস্তে দলের দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত কখনোই তেভেজকে জাতীয় দলে ডাকেননি। শুধু তাই নয়; আর্জেন্টাইন কোচটি সম্প্রতি জানিয়েছেন, তিনি স্ট্রাইকারটির আন্তর্জাতিক নির্বাসন ঘোচাতে যাচ্ছেন এমন সম্ভাবনা কম।
ফুটবলের অন্যতম প্রধান ওয়েবসাইট গোলডটকম এসব তথ্য জানায়।
সাবেলা এ ব্যাপারে রিপোর্টারদের বলেন,‘আমরা দল নির্বাচন থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে রয়েছি। আমি না বলছি না। তবে আমি মনে করি ব্যাপারটা সত্যি কঠিন। শেষ পর্যন্ত আমি মুল্যায়নের (খেলোয়াড়দের) বিষয়টি বন্ধ করে দেব না। হতে পারে আগে কখনো ডাকিনি এমনদের ব্যাপারে একটা সুযোগ থাকবে। আমি কারো নাম উল্লেখ করতে চাই না। তারপরও পুনরাবৃত্তি করছি। এমনটা ঘটা সত্যি কঠিন।’
জুভেন্তাসের হয়ে ইতালিতে নিজের অভিষেক মৌসুমে তেভেজ ১৮ গোল করেছেন। এমনকি গেল বৃহস্পতিবার ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে বেনফিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ একটি গোলও করেছেন তিনি। ২০০৯ সালের পর এটাই হলো মহাদেশীয় পর্যায়ে তার প্রথম গোল।
