রোনালদোর গোলে অ্যাটলেটিকোকে চাপে রাখলো রিয়াল

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২২:০৬
তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদ লা লিগা জয়ের চেষ্টায় শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের তিন পয়েন্ট পেছনে এসে দাঁড়ালো। ওসাসুনাকে ৪-০ গোলে হারানোর পর তাদের ট্রেবল জয়ের স্বপ্নের পথে আরো একধাপ এগিয়ে গেলো কোচ কার্লো অ্যানচেলোত্তির দল। রোনালদো ২৫ গজ দূর থেকে নেয়া অপ্রতিরোধ্য শটে গোলের খাতা খোলেন। বিরতির পর প্রায় একই কায়দায় ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগীজ তারকাটি। সার্জিও রামোস হেডে তৃতীয় গোল করার পর শেষ বাঁশির সাত মিনিট আগে বদলি খেলোয়াড় ডানি কারভাজালও একইভাবে গোল দিয়ে পুরো তিন পয়েন্ট নিশ্চিত করেন। এখন তাদের হাতে আছে আরো চারটি ম্যাচ। রিয়াল আগামী মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগ খেলতে জার্মানী যাবে। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকা স্পানিশ জায়ান্টরা ১২ বছরের মধ্যে এই প্রথম ফাইনালের স্বপ্ন দেখছে। তাই স্পানিশ লিগে রিয়ালের বড় জয়টিও বায়ার্নের জন্য সতর্ক বার্তা। হাঁটু এবং হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় এক মাসের বিরতির পরে রোনালদো লা লিগায় আবার মূল একাদশে খেলতে নামেন। গত বুধবার বায়ার্নের বিপক্ষে খেলানো দলটির ছয়জনকে বদলিয়ে দল সাজান কোচ আনচেলোত্তি। জ্বরের কারণে এদিনও দলে ছিলেন না গ্যারেথ বেল। বিশ্রামে ছিলেন জাবি আলোনসো, পেপে এবং করিম বেনজেমা। তারপরও দুর্দান্ত খেলে দলটি। শুধু তাই নয় এ নিয়ে গেল চার খেলায় ১৭ গোল দিল রিয়াল এবং একটিও হজম না করে। অথচ গেল মাসে পাঁচ বছর পর পর পর দুই খেলায় পরাস্ত হয়েছিল মাদ্রিদের এ ক্লাবটি। এরপর ঘুরে দাঁড়িয়ে চার খেলায় ১২ পয়েন্ট তুলে নিল দলটি। তবে লিগ শিরোপা পুনরুদ্ধার করতে হলে রিয়ালকে কেবল জয় অব্যাহত রাখলেই চলবে না, আশা করতে হবে অ্যাথলেটিকো যেন অবশিষ্ট চার খেলার দুটিতে হোঁচট খায়। দলের পাশাপাশি রোনালদোও এ মৌসুমে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন। সর্বশেষ অর্জনগুলোর সুবাদে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে ৩০ এর বেশি গোল করা দুইজন স্ট্রাইকারের অন্যতম হলেন এ পর্তুগীজ। অপরজন হলেন লিভারপুলের লুই সুয়ারেজ। সব মিলিয়ে রোনালদোর এখনো ট্রেবল জয়ের সুযোগ আছে। কেননা লা লিগার পাশাপাশি কোপা ডেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ আছে রিয়ালের; যারা সর্বশেষ লা লিগা জিতেছিল ২০১১-১২ মৌসুমে।—বাসস/এএফপি