ফতুল্লায় আগামী ২ মে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) বকেয়া থাকা অংশ। ৩ রাউন্ড ও ফাইনালের টুর্নামেন্টের এক রাউন্ড খেলা বাকি আছে। সেটাতেই ফতুল্লায় দুটি ম্যাচে মুখোমুখি হবে সম্ভাব্য দুই ফাইনালিস্ট মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।
এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল মুখোমুখি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এবং আউটার স্টেডিয়ামে লড়বে বাকি দুই দল।
তবে এগুলো নয়, খবর হল দলগুলো চাইলে এই রাউন্ড থেকে মাঠে দেখা যাবে বিপিএল ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হয়ে সাময়িক নিষেধাজ্ঞা কাটানো দুই ক্রিকেটার মাহবুবুল আলম রবিন ও মোশাররফ হোসেন রুবেলকে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে যে, ট্রাইব্যুনালের রায়ের প্রেক্ষিতে তাদের ওপর নিষেধাজ্ঞা অবশেষে তুলে নেয়া হয়েছে।
বিপিএল দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের দুই ক্রিকেটার রবিন ও রুবেলের নাম ফিক্সিং কাণ্ডে জড়িয়ে গিয়েছিল। পরে তাদের এই অভিযোগে সাময়িক নিষিদ্ধও করা হয়। শুরু থেকেই নিজেদের নির্দোষ দাবি করতে থাকা রুবেল ও রবিন ট্রাইব্যুনালের বিচারে নির্দোষই প্রমাণিত হন।
কিন্তু রায় পক্ষে পেয়েও ‘পূর্ণাঙ্গ রায় না পাওয়ায়’ বিসিবির কাছ থেকে খেলার অনুমতি পাচ্ছিলেন না রুবেল-রবিন। অবশেষে গতকাল বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন বলেছেন, ‘আগামীতে যে সমস্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সবগুলো টুর্নামেন্টের খেলার যোগ্য রবিন এবং মোশারফ রুবেল। আমরা আইসিসি থেকে এমনই আইনি মতামত পেয়েছি।’
টাইব্যুনাল বিচার পূর্ণাঙ্গ রায় এখনো আসেনি। তবে কিসের ভিত্তিতে তাদের দুই জনকে এখন খেলার অনুমতি দিলেন? এমন প্রশ্নের উত্তরে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আমরা ছোট পরিসরে টাইব্যুনালের রায় পেয়েছিলাম। যে সমস্ত খেলোয়াড়ের বিষয়ে প্রশ্ন এসেছিলো তাদের মধ্য থেকে এই দু’ জনের ব্যাপারে আমরা আইসিসির মতামত নিয়ে সিদ্ধান্ত নিয়েছি।’
টাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় কবে প্রকাশ হতে পারে এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘এতোদিন পূর্ণাঙ্গ রায়ের জন্যই আমরা অপেক্ষা করেছিলাম। তবে আশা করি, খুব শিঘ্রই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে এবং কিছুদিনের মধ্যে রায়ের কপিগুলোও আমরা পাবো।’
